রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিলুপ্তপ্রায় ঝুড়ির নাড়ু শিল্পে টিকে আছে বিরলের নলদিঘী গ্রাম

সুবল রায়

জুলাই ৩, ২০২৬, ০২:৪৩ পিএম

বিলুপ্তপ্রায় ঝুড়ির নাড়ু শিল্পে টিকে আছে বিরলের নলদিঘী গ্রাম

ছবি : দিনাজপুর টিভি

দিনাজপুর জেলার বিরল উপজেলার নলদিঘী মাটিয়ান গ্রামের বাড়ি বাড়ি গেলেই কানে আসে নাড়ু তৈরির শব্দ। আতপ চালের আটা থেকে তৈরি ঝুড়ি সেদ্ধ করা, রোদে শুকানো আর তারপর গুড়ের মিশ্রণে নাড়ু তৈরির মহোৎসবে মেতে থাকেন গ্রামের মানুষ। গ্রামের সিংহভাগ পরিবারের জীবন চলে এই নাড়ু বিক্রি করেই।

প্রতিদিন খুব ভোরে উঠে নারী-পুরুষ সবাই একযোগে কাজে লেগে পড়েন। চালের দানাগুলো শুকিয়ে চালনি দিয়ে আকার অনুযায়ী আলাদা করা হয়। এরপর বালুতে ভেজে গুড়ের সাথে পাক দিয়ে তৈরি হয় সুস্বাদু এই খাবার। আদিকাল থেকেই এই গ্রামের মানুষের প্রধান পেশা এটি, যা তাদের ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে।

তবে বর্তমান সময়ে এই পেশার মানুষরা ভালো নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে উপকরণ কিনতে যে খরচ হচ্ছে, বিক্রির পর সেই তুলনায় লাভ মিলছে না। পরিবারের ভরণপোষণ চালাতে হিমশিম খাচ্ছেন তারা। বাধ্য হয়ে অনেকেই এই পৈতৃক পেশা ছেড়ে অন্য জীবিকার সন্ধানে বের হচ্ছেন।

কারিগরা জানালেন, গ্রাম থেকে সাইকেল ও ভ্যানে করে এই নাড়ু পৌঁছে যায় শহরের বিভিন্ন প্রান্তে। সরকারি পৃষ্ঠপোষকতা ও স্বল্প সুদে ঋণের ব্যবস্থা না থাকলে এই শিল্প দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা কঠিন।সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, সরকারি বা বেসরকারি উদ্যোগ নিলে এই ঐতিহ্যবাহী শিল্পটি আবার ঘুরে দাঁড়াতে পারে। নলদিঘী মাটিয়ান গ্রামের প্রায় একশ পরিবারের মধ্যে এক-তৃতীয়াংশ মানুষ এখনো এই নাড়ু তৈরির সাথেই যুক্ত আছেন।