রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিরলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

মো: মামুনুর রশিদ

জুলাই ৮, ২০২৬, ০৬:৫৭ পিএম

বিরলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বিরল উপজেলায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। কর্মসূচিতে সহযোগিতায় ছিল স্নিগ্ধা ইয়ুথ উইমেন সোসাইটি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলামের পক্ষে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজার রহমান চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন সংগঠনের সদস্যদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

এসময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নিয়মিত বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা জানান, সবুজায়ন বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্নিগ্ধা ইয়ুথ উইমেন সোসাইটির সভাপতি মাহবুবা আক্তার বিথি। এসময় উপস্থিত ছিলেন বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিয়ুর রহমান, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামান মিলন, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিরল উপজেলা শাখার আহ্বায়ক দিনেশ চন্দ্র রায়সহ স্থানীয় বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ।