মোঃ সামিউল আলম
জুলাই ১২, ২০২৬, ০৩:১৩ পিএম
ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক
আগামী বিরামপুর পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন মোঃ জাহাঙ্গীর আলম। স্থানীয় উন্নয়নের লক্ষ্য নিয়ে ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন চেয়ে তিনি এখন ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন।মাদক ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
নিজের ব্যক্তিগত উদ্যোগেই ওয়ার্ডের চলাচলের অযোগ্য রাস্তা-ঘাট সংস্কার, বয়স্ক ও বিধবা ভাতা প্রাপ্তিতে সহায়তা এবং প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার দাবি করেন জাহাঙ্গীর আলম। এলাকাভিত্তিক এই কার্যক্রমের কারণে স্থানীয়দের মাঝে তাঁর ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। পাড়া-মহল্লা ও চায়ের দোকানে ভোটারদের সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন তিনি।
আগামী নির্বাচনে নির্বাচিত হলে ৭নং ওয়ার্ডকে একটি মডেল ও স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন এই প্রার্থী। তিনি বলেন, অবহেলিত এই ওয়ার্ডকে দারিদ্র্যমুক্ত, শিক্ষাবান্ধব ও বৈষম্যহীন একটি আদর্শ ওয়ার্ডে রূপান্তর করাই তাঁর মূল লক্ষ্য। জনগণের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ওয়ার্ডের প্রতিটি মা-বোন, ভাই ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন পেলে তিনি সেবার মাধ্যমে নিজেকে প্রমাণ করবেন।
জনগণের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করছেন বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম। এখন পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে যেসব উন্নয়নকাজ তিনি করেছেন, তা আগামী দিনে আরও বড় পরিসরে করতে চান বলে জানান তিনি। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ডের রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ সরগরম।