রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৪০ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খনন করছেন আব্দুল কাফি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ০২:১৩ পিএম

৪০ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খনন করছেন আব্দুল কাফি

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের চিরিরবন্দরে এক অনন্য মানবিক নজির গড়েছেন ৫৮ বছর বয়সী মোঃ আব্দুল কাফি। গত ৪০ বছর ধরে তিনি কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই কবর খনন করে আসছেন। মানুষের শেষ ঠিকানায় পৌঁছাতে নিরলসভাবে কাজ করে যাওয়া আব্দুল কাফির কাছে এটি কোনো শখের কাজ নয়, বরং পরকালের পাথেয় সংগ্রহের মাধ্যম।নিঃস্বার্থভাবেই তিনি এই দায়িত্ব পালন করছেন।

কারো মৃত্যুর খবর পাওয়া মাত্রই তিনি কোদাল ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ছুটে যান। দিন কিংবা রাত, সময় কোনো বাধা হয়ে দাঁড়ায় না তার পথে। এ পর্যন্ত এককভাবে তিনি ৩১০টি কবর খনন করেছেন। এছাড়া যৌথভাবে খনন করেছেন আরও শতাধিক কবর।

পেশায় ফেরি করে সুঁই-সুতা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করা এই মানুষটি জীবিকা নির্বাহের পাশাপাশি অবসর সময়ে মাছ ধরে সংসার চালান। ৪ ছেলে ও ৩ কন্যার জনক তিনি, থাকেন চিরিরবন্দর উপজেলার ১ নম্বর নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামে। তার এই দীর্ঘ কর্মজীবনে দিনাজপুর ছাড়াও পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, বগুড়া ও টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানেও তিনি কবর খনন করেছেন।

স্থানীয়রা জানান, কবর খননের বিনিময়ে তিনি শুধু টাকা নয়, এক কাপ চা বা পান পর্যন্ত গ্রহণ করেন না। মৃত ব্যক্তির দোয়ার অনুষ্ঠানে দাওয়াত দিলেও তিনি তা নিতে নারাজ। তার এই নিঃস্বার্থ কাজের ধরন এলাকায় তাকে বিশেষ সম্মানের আসনে বসিয়েছে।

আব্দুল কাফি বলেন, মনের টানে তিনি এই কাজ করেন। কারো মৃত্যুর খবর পেলে বাড়িতে স্থির থাকতে পারেন না। তিনি কেবল তার সন্তানসহ পরিবারের জন্য সবার কাছে দোয়া চান। মানুষের শেষ ঠিকানা তৈরির এই কাজই তাকে প্রশান্তি দেয়।