জুলাই ১৩, ২০২৬, ০৩:৩৫ পিএম
দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জুলফিকার হোসেন নির্বাচনের তারিখ ও বিস্তারিত সময়সূচি ঘোষণা করেন।নির্বাচন পরিচালনার জন্য সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন গোলাম নবী দুলাল ও শহিদুল ইসলাম।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৪ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৫ জুলাই তালিকা নিয়ে আপত্তি ও শুনানি অনুষ্ঠিত হবে এবং ১৬ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৭ ও ১৮ জুলাই মনোনয়নপত্র বিক্রি, ১৯ জুলাই জমা এবং ২০ জুলাই তা যাচাই-বাছাই করা হবে।
মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ২১ জুলাই আপিল শুনানি ও নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ জুলাই এবং ২৩ জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৭ জুলাই নমুনা ব্যালট পেপার প্রকাশ ও যাচাই-বাছাই সম্পন্ন হবে।সবশেষে আগামী ১২ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে দিনাজপুরের নাভারা উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনী তফসিল ঘোষণার অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সহকারী নির্বাচন কমিশনারগণ ও ইউনিয়নের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রি-বার্ষিক এই নির্বাচনে ইউনিয়নের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন