রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ আরিফ ইসলাম

জুলাই ১৬, ২০২৬, ০৪:০৩ পিএম

বীরগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে ১ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে শাকসবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

তিনি জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর শাকসবজি চাষে কৃষকদের উৎসাহিত করা এবং উৎপাদন বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এই কর্মসূচির আওতায় প্রত্যেক উপকারভোগী কৃষককে ১৫ কেজি ডিএপি সার, ১৫ কেজি এমওপি সার এবং কলমি শাক, পুঁইশাক, লাউ, চাল কুমড়া, বেগুন, মিষ্টি কুমড়া ও শসার বীজ দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেন, সরকার কৃষির উন্নয়ন ও কৃষকদের আর্থ-সামাজিক স্বাবলম্বিতা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারি প্রণোদনার সঠিক ও যথাযথ ব্যবহার নিশ্চিত করে নিরাপদ এবং অধিক ফলনশীল ফসল উৎপাদনের জন্য তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান। তার মতে, এই ধরনের প্রণোদনা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত কার্যকর।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজুসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।