জুলাই ১৬, ২০২৬, ০৪:১১ পিএম
দিনাজপুরের বিরলে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে বিরল উপজেলা পরিষদ মুক্তমঞ্চে নির্মিত অস্থায়ী শহিদ বেদীতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।শহিদ বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন। অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। সভায় উপস্থিত ছিলেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল এমরান, উপজেলা সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শহিদ মাসুদ রেজার পিতা মিজানুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকার, কৃষি কর্মকর্তা রুম্মান আকতার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা হক আঁখি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল বারীসহ অনেকে।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাদের আত্মত্যাগের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। সভার শুরুতে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দিবসটির কর্মসূচির অংশ হিসেবে সভার শেষে জুলাই শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত, আহত যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া সুবিধামতো সময়ে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহিদদের স্মরণে স্মরণ সভা আয়োজন করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন