বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে দুই মাদক কারবারির ২ বছরের কারাদণ্ড

এনামুল মবিন(সবুজ)

জুলাই ১৬, ২০২৬, ০৬:৪০ পিএম

চিরিরবন্দরে দুই মাদক কারবারির ২ বছরের কারাদণ্ড

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাদক কারবারিকে ২ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা এই দণ্ডাদেশ প্রদান করেন।অভিযানটি উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চেতুপাড়া এলাকায় পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানের সময় ওই এলাকায় মো. কাজল রানা ও মো. জাফর ইকবালকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন ও নিজ দখলে রাখার অপরাধে হাতেনাতে আটক করে পুলিশ। আটক কাজল রানা চেতু মন্ডলপাড়ার মো. আজিজুল ইসলামের ছেলে এবং জাফর ইকবাল নান্দেড়াই মজিরত হাজিপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে।

ঘটনার সময় চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আসামিদের প্রত্যেককে ২ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুন-নবী জানান, মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।