শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

মোঃ আরিফ ইসলাম

জুলাই ১৬, ২০২৬, ০৭:০৫ পিএম

বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌর শহরের আরিফ বাজার সংলগ্ন কুমারপাড়ায় হাজারো ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম উৎসবের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, রথযাত্রা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক। তিনি শান্তিপূর্ণভাবে উৎসব পালনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, পৌর বিএনপির সভাপতি মো. আমিরুল বাহার, পৌর বিএনপির সহ-সভাপতি মো. হাবিবুর রহমান এবং উপজেলা যুবদলের অন্যতম সদস্য মো. আক্কাস আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপাল দেব শর্মা। অতিথিরা রথযাত্রার ধর্মীয় ও সামাজিক গুরুত্ব তুলে ধরে এলাকায় শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার গুরুত্ব আরোপ করেন।পরে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে কুমারপাড়া থেকে বর্ণাঢ্য রথযাত্রা বের করা হয়। রথটি হাজারো ভক্তের অংশগ্রহণে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জগদল এলাকায় গিয়ে পৌঁছায়। শোভাযাত্রায় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবের রঙে সেজে ওঠে। রথযাত্রাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।