জুলাই ১৭, ২০২৬, ১১:২২ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের একটি ভাড়া বাসা থেকে অরুণ চন্দ্র সেন (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন। নিহত অরুণ ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর এলাকার জ্যোতিষ চন্দ্র সেনের ছেলে।
বাড়ির মালিক মো. আশরাফুল আলম জানান, অরুণ ১০-১২ দিন আগে একটি কোম্পানিতে চাকরির কথা বলে বাসাটি ভাড়া নেন। তিনি সেখানে একা থাকতেন। বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে এবং ঘর ভেতর থেকে আটকানো থাকায় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন।
পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে জানা গেছে, ঘরে বিষাক্ত কোনো পদার্থের গন্ধ পাওয়া গিয়েছিল।নিহতের বড় ভাই নিরঞ্জন সেন জানান, অরুণ বীরগঞ্জে অবস্থান করছিলেন, এ বিষয়ে পরিবারের কেউ জানতেন না। চার-পাঁচ মাস আগে তার স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়।
তিনি চানাচুর তৈরির ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে মৃত্যুর কারণ সুনির্দিষ্টভাবে জানতে তদন্ত চলছে বলে তিনি উল্লেখ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন