জুলাই ২০, ২০২৬, ১০:৪১ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ বছরের বেশি বয়সী ও বিবাহিত নারীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগ চত্বরে আয়োজিত এই বিশেষ স্বাস্থ্য ক্যাম্পে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নারীরা সেবা গ্রহণ করেন।গ্রামীণ নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও রোগের প্রাথমিক শনাক্তকরণের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।
কার্যক্রমটি যৌথভাবে পরিচালনা করে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, রোটারি ক্লাব অব ঢাকা এবং ঢাকা সেইভ লাইফ ফাউন্ডেশন। ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা। উদ্বোধনী বক্তব্যে তিনি নারীর স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং স্থানীয় নারীদের এই সুযোগ গ্রহণের আহ্বান জানান।
আয়োজকরা জানান, স্তন ও জরায়ু মুখের ক্যান্সার নারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং নীরব ঘাতক। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে সঠিক চিকিৎসা ও সচেতনতার মাধ্যমে এই ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। ক্যাম্পে জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে যোগ্য নারীদের রেজিস্ট্রেশন করা হয় এবং অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
ক্যাম্পে উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক সমন্বয়কারী ফরিদা ইয়াসমিন, বিভিন্ন শাখার ব্যবস্থাপক, স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট রোটারি ক্লাবের প্রতিনিধিরা। প্রান্তিক পর্যায়ের নারীদের দোরগোড়ায় এমন চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ায় স্থানীয়রা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এ ধরণের জনকল্যাণমূলক স্বাস্থ্য কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানান অংশগ্রহণকারীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন