কুদ্দুস আলী খান
জুলাই ২২, ২০২৬, ০৮:২৯ পিএম
দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে গত কয়েক দিনের ব্যবধানে দেশীয় পেঁয়াজের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে দশ থেকে বারো টাকা দাম বেড়ে এখন তা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দরে। হঠাৎ করে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন এবং দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করার জোরালো দাবি জানিয়েছেন।
সরবরাহ কমে যাওয়ার কারণে বাজারে এই দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।হিলি পাইকারি বাজারের বিক্রেতা আতোয়ার গনি ওসমান জানান, দেশের বিভিন্ন অঞ্চলে পেঁয়াজ উৎপাদিত এলাকায় বৃষ্টির কারণে আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় মোকামগুলোতে পেঁয়াজের সরবরাহ বা আমদানি বেশ কমে গেছে।
এর ফলে উৎসস্থল থেকেই পেঁয়াজের দাম বেশি থাকায় স্থানীয় বাজারেও তার প্রভাব পড়েছে। এর আগে বাজারে দেশীয় পেঁয়াজ ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকার নিচে অর্থাৎ ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় দাঁড়িয়েছে। তবে মোকামগুলোতে সরবরাহ বাড়লে পেঁয়াজের দাম দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে ব্যবসায়ীরা আশা প্রকাশ করছেন।
এদিকে বাজারে এসে পেঁয়াজ কিনতে গিয়ে বাড়তি দামের কারণে সাধারণ ক্রেতাদের অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, হঠাৎ এভাবে দাম বেড়ে যাওয়ায় দৈনন্দিন সংসারে বাড়তি চাপ তৈরি হচ্ছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকি বাড়ানো হলে অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য কমবে বলে মনে করছেন সচেতন মহল।