রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো উল্টো রথযাত্রা

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৪, ২০২৬, ১০:৪১ পিএম

দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো উল্টো রথযাত্রা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রার সমাপনী আয়োজন হিসেবে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে উল্টো রথযাত্রা।নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই উৎসব সম্পন্ন হয়েছে।প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয় এবং ঠিক নয় দিন পর উল্টো রথযাত্রার মাধ্যমে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি থেকে মূল মন্দিরে ফিরে আসেন। এই প্রত্যাবর্তনযাত্রাই উল্টো রথযাত্রা নামে পরিচিত। এবারও দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি দিনাজপুরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়েছে।

শুক্রবার দিনাজপুরের গুঞ্জাবাড়ীতে শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা উদযাপিত হয়। সকাল থেকেই মন্দিরের সেবক, ব্রহ্মচারী ও হাজার হাজার ভক্তের অংশগ্রহণে শ্রীমদ্ভগবদ্গীতা কথামৃত পরিবেশন, কীর্তন ও ধর্মীয় আলোচনায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। এর আগে গত ষোলো জুলাই সংকীর্তন ও রাজপথে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে মূল রথযাত্রার সূচনা হয়েছিল।

নির্ধারিত নিয়ম অনুযায়ী ঠিক নবম দিনে মন্দিরের প্রাঙ্গণ থেকে উৎসবমুখর পরিবেশে ভক্তরা রশির টানে বিশাল র‍্যালিতে অংশ নেন। র‍্যালুটি গুঞ্জাবাড়ী থেকে শুরু হয়ে শেখপুরা বটতলী মোড়, বোবন্দর, বাসুনিয়াপট্টি, চারুবাবুর মোড়, নিমতলা, মালদাপট্টি, সাধনার মোড়, উত্তর বালুবাড়ি, টিটিয়াপাড়া ও মহারাজার মোড় প্রদক্ষিণ করে পুনরায় গুঞ্জাবাড়ীর শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।

এই উৎসব প্রসঙ্গে শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সভাপতি শ্রী বিক্রমী রাম দাস জানান, ভ্রাতৃত্বের মিলমেলায় ভক্তবৃন্দের এই আগমন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণ ও শান্তি কামনা করে। প্রথম রথযাত্রা থেকে শুরু করে আজকের উল্টো রথযাত্রার মধ্য দিয়ে তারা দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।এদিকে দিনাজপুর রায় সাহেব দেবোত্তর এস্টেট, রামকৃষ্ণ আশ্রম এবং রামকৃষ্ণ মিশনেও উল্টো রথযাত্রা উপলক্ষে নানা কর্মসূচি ও ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়েছে।