জুলাই ২৪, ২০২৬, ১১:১৪ পিএম
দেশ ও জনগণের সার্বিক কল্যাণে বর্তমান সরকার একটি মানবিক সরকার হিসেবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।তিনি বাউলশিল্পীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।শুক্রবার রাতে দিনাজপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বৃহত্তর দিনাজপুর বাউল সংস্কৃতি পরিষদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য বাউল গানের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মোকলেস জয় এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জেলা বিএনপির নেতা মোস্তফা কামাল মিলন ও বাউল সংস্কৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক জয় হরিণসহ অন্যান্য অতিথিরা।
সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশ ক্রমান্বয়ে উন্নতির দিকে এগিয়ে চলেছে। জনগণের ভাগ্য উন্নয়নে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। আগামী পাঁচ বছরে প্রতিটি সংসদ সদস্যের এলাকার উন্নয়নের জন্য পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। এর মধ্যে প্রায় চুয়াল্লিশ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর পৌরসভার ১০ তলা ভবন নির্মাণের কাজ করা হবে, যার সুফল ভোগ করবেন পৌরবাসী।
এছাড়াও তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের পক্ষ থেকে আগামী পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষ রোপণের মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় তিনি সকলকে নিজ উদ্যোগে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। বাউল সংস্কৃতির প্রসারেও এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।আলোচনা সভা শেষে আয়োজিত সাংস্কৃতিক পর্বে স্থানীয় খ্যাতনামা বাউলশিল্পীরা সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন