শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

পরিবেশ সংরক্ষণে সবুজায়ন সম্প্রসারণের উদ্যোগ জেলা পুলিশের

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ১০:৪৭ পিএম

পরিবেশ সংরক্ষণে সবুজায়ন সম্প্রসারণের উদ্যোগ জেলা পুলিশের

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে দেশজুড়ে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কের পাশে চেরি ফুলের চারা রোপণ করেছেন জেলা পুলিশ সুপার।শনিবার পরিবেশ রক্ষায় সবুজায়ন সম্প্রসারণের এই বিশেষ কার্যক্রমে নেতৃত্ব দেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা। 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। কার্যালয়সংলগ্ন প্রধান সড়কের পাশে এই চারাগুলো রোপণ করা হয়।জেলা পুলিশের এই ব্যতিক্রমী উদ্যোগের ফলে ভবিষ্যতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সম্পূর্ণ সড়কটি চেরি ফুলের অপরূপ সৌন্দর্যে সুশোভিত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। 

মৌসুমের সময় ফুলে ফুলে ভরে ওঠা এই পথচারীদের জন্য তৈরি করবে নির্মল প্রশান্তির এক অনন্য অনুভূতি। চারপাশের সবুজ সমারোহের সঙ্গে যুক্ত হওয়া এই মনোরম সৌন্দর্য পুরো এলাকাটিকে আরও প্রাণবন্ত, দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব করে তুলবে।পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ স্থানীয় সাধারণ মানুষের মাঝেও ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।ভবিষ্যতেও এই ধরনের সবুজায়ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।