শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দলে ঠাঁই হবে না‍‍` এমপি পিনাক

আতিউর রহমান

জুলাই ২৬, ২০২৬, ০৫:৪৬ পিএম

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দলে ঠাঁই হবে না‍‍` এমপি পিনাক

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক জানিয়েছেন, চাঁদাবাজি, দখলবাজি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের স্থান দলীয় সংগঠনে হবে না। রোববার (২৬ জুলাই) দুপুরে বিরল উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের ঢেড়াপাটিয়া এলজিইডি পার্কে আয়োজিত নির্বাচন পরবর্তী এক সুধী ও কর্মী মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

নির্বাচন পরবর্তী নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে মেলবন্ধন সুদৃঢ় করতে স্থানীয় বিএনপি এই পুনর্মিলনী সভার আয়োজন করে।বোচাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাশেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। তিনি তাঁর বক্তব্যে স্পষ্ট জানান, দলীয় ক্ষমতার অপব্যবহার করে কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তার করে প্রশাসনিক ক্ষেত্র থেকে অবৈধ সুবিধা নেওয়ার সংস্কৃতি আর চলবে না।

বর্তমান সরকারকে জনগণের সরকার হিসেবে উল্লেখ করে দেশ গঠন ও উন্নয়নমূলক কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার আহ্বান জানান তিনি।সংসদ সদস্য আরও বলেন, রাষ্ট্রে বসবাসকারী সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিতকরণে বর্তমান প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ এবং সরকারি নাগরিক সুবিধা প্রদানকালে কোনো রাজনৈতিক মতাদর্শ বিবেচনায় নেওয়া হবে না। 

সভায় বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এবং বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম সহ স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী বক্তব্য দেন। অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ প্রতিনিধিরাও এতে অংশ নেন।অনুষ্ঠানের শেষভাগে দেশ ও জনগণের শান্তি এবং কল্যাণ কামনায় বিশেষ সংহতি প্রকাশ করা হয়। তৃণমূল পর্যায়ে দলীয় শৃঙ্খলা রক্ষায় অনড় থাকার প্রত্যয় ব্যক্ত করে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।