জুলাই ২৮, ২০২৬, ০২:৫৩ পিএম
গত সোমবার দুপুরে উপজেলা উন্নয়ন সহায়তা খাতের আওতায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফুটবল ও ক্রিকেট খেলার সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই বিশেষ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।
স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একটি সুস্থ, মেধাবী ও শৃঙ্খলাপূর্ণ জাতি গঠনে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।
সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করতে এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। শিক্ষার্থীদের মাঝে মানসম্মত ক্রীড়া সরঞ্জাম বিতরণ এই ধারাবাহিক কার্যক্রমেরই একটি অংশ বলে তিনি উল্লেখ করেন।আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাট, স্টাম্প এবং বলসহ বিভিন্ন প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহাজাহান আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল এবং ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করায় স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে দারুণ উৎসাহ দেখা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন