রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৯, ২০২৬, ১২:৩৬ এএম

মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ: জেলা প্রশাসক

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

মাদকাসক্তি রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ করাল গ্রাস থেকে রক্ষা করার উদ্দেশ্যে দিনাজপুরে একটি সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যাব-১৩ এর আয়োজনে মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে "মাদকবিরোধী সচেতনতা তৈরি" শীর্ষক এই গুরুত্বপূর্ণ সভাটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মাদকের ভয়াবহ বিস্তার রোধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরি।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে র‍্যাব-১৩ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন উল্লেখ করেন যে, দেশ যখন শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও কৃষিতে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করছে, ঠিক তখনই মাদকাসক্তি একটি গুরুতর সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। 

মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই ও খুনের মতো অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগানকে সামনে রেখে র‍্যাব সবসময় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বলে তিনি জানান।সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন যে, মাদক কেবল একজন মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অপূরণীয় ক্ষতিই করে না, বরং পুরো পরিবারকে চরম দুর্বিপাকে ফেলে দেয় এবং সমাজে অপরাধপ্রবণতা বাড়িয়ে তোলে। 

বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার জেদান আল মুসা, স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল নিশাত, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো নূরুজ্জামান পিপিএম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রাকিবুলজ্জামান, ৪২ বিজিবির অ্যাডজুট্যান্ট আব্দুল্লাহ আল মামুন, চেম্বার অব কমার্সের সভাপতি আবু বকর সিদ্দিক এবং এনএসআই দিনাজপুরের যুগ্ম পরিচালক শায়লা শারমিন শম্পা প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ভূমিকার কথা তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে রক্ষা করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।সচেতনতামূলক এই আয়োজন স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।