জুলাই ৩০, ২০২৬, ০৮:৫১ পিএম
গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় খেলা পৌঁছে দিতে দিনাজপুরের বীরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল পাতাখেলা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চার নম্বর পাল্টাপুর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
বুড়িহাট ইয়াং স্টার ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত এই গ্রামীণ খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন নানা বয়সের শত শত দর্শক। ঢাকঢোল ও গ্রামীণ বাদ্যের তালে তালে আয়োজিত এই ঐতিহ্যবাহী খেলাকে কেন্দ্র করে পুরো মাঠে তৈরি হয় এক আনন্দঘন মেলাপ্রাঙ্গণ। স্থানীয় তরুণ ও প্রবীণদের প্রাণবন্ত উপস্থিতিতে গ্রামীণ ঐতিহ্যের এক সুন্দর রূপ ফুটে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এই ধরনের সংস্কৃতিবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার নম্বর পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম শরিফ, দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিয়ারুল হক জিয়া, তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরনবী ইসলাম এবং হাসিব আখতার। দক্ষিণ রঘুনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।খেলা শেষে অংশগ্রহণকারী বিজয়ী ও চৌকস খেলোয়াড়দের মাঝে অতিথিরা আকর্ষণীয় পুরস্কার বিতরণ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন