আগস্ট ১, ২০২৬, ০১:৩৫ পিএম
দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য একটি আধুনিক পুনর্বাসন সেবা কেন্দ্র চালু করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখার বাস্তবায়নে এবং লিলিয়ান ফন্ডসের অর্থায়নে এই কেন্দ্রটি স্থাপন করা হয়। উদ্বোধনী দিনে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য কর্মকর্তা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
কেন্দ্রটি চালুর ফলে স্থানীয় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের চিকিৎসা সেবা আরও সহজ হবে।শনিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. মোস্তাফিজুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র কনসালট্যান্ট ডা. মামুনুর রশীদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান এবং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুজ্জামান সরকার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দীপশিখার এরিয়া ম্যানেজার ধনঞ্জয় দেবনাথ এবং প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরেন সমন্বয়কারী হিমাংশু দেব দত্ত রায়।বক্তারা বলেন, এই সেবা কেন্দ্রটি কাহারোল উপজেলার সব ইউনিয়নের প্রতিবন্ধী মানুষদের জন্য একটি যুগান্তরকারী চিকিৎসা ব্যবস্থার সুযোগ তৈরি করবে। বিশেষ করে নিউরোলজিক্যাল কন্ডিশনে ভোগা শিশু ও যুবকদের ফিজিওথেরাপি চিকিৎসায় এই কেন্দ্রটি অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান করবে।
সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সঠিক রেফারেল ব্যবস্থা গড়ে তোলার ওপরও এ সময় বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের সার্বিক সহযোগিতায় এবং ইন্টিগ্রেটেড অ্যান্ড ইনক্লুসিভ রিহ্যাব সলিউশনস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা পরিচালনা করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন