সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে বিনামূল্যে চক্ষু শিবিরে দুই শতাধিক মানুষের চোখের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১, ২০২৬, ১১:৫৬ পিএম

দিনাজপুরে বিনামূল্যে চক্ষু শিবিরে দুই শতাধিক মানুষের চোখের পরীক্ষা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের কাঞ্চন কলোনি আবাসিক উন্নয়ন ক্লাবে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে একটি ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। আল ইহসান যুব সংঘের উদ্যোগে এবং মাজেদা চক্ষু হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে দুই শতাধিক মানুষের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা করা হয়। এলাকার সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বিশেষ স্বাস্থ্যসেবা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই শিবিরে নানা বয়সী মানুষ অংশ নেন।বিনামূল্যে আয়োজিত এই চিকিৎসাসেবার আওতায় আগত রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এর পাশাপাশি বাছাইকৃত ছানি পড়া রোগীদের মাজেদা চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার এবং লেন্স সংযোজনের ব্যবস্থা করা হয়েছে। অপারেশনকৃত রোগীদের জন্য হাসপাতালে থাকা ও খাওয়ার সুব্যবস্থার পাশাপাশি বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণের ঘোষণাও দেওয়া হয়। চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এলাকার সাধারণ রোগীরা।

উদ্বোধনী ও সমাপনী পর্বে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে স্বাস্থ্যসেবামূলক এমন উদ্যোগের প্রশংসা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও কাঞ্চন কলোনীর শাহী জামে মসজিদ কমিটির সাবেক সভাপতি ওবায়দুর রহমান গোল্ডেন, মসজিদ কমিটির সহ-সভাপতি শের আলী, সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মৃধা, শিক্ষা বিষয়ক সম্পাদক সংগঠনের সহ-সভাপতি কামাল উদ্দিন ফিরোজ, সংগঠনের উপদেষ্টা জয়নাল আবেদীন, সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক আসলাম শেখ, সাংগঠনিক সম্পাদক আবেদ আলী এবং কোষাধ্যক্ষ মোস্তফা।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।