আগস্ট ৪, ২০২৬, ০৫:০৮ পিএম
দিনাজপুরে মাদকের বিস্তার রোধ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবিতে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করে আবেদন করেছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকার মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসন বরাবর এই লিখিত আবেদন জমা দেন।
মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।লিখিত অভিযোগে জানানো হয়, দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে ওই এলাকায় ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হেরোইন এবং টাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদক কেনাবেচা ও সেবন চলছে। বহিরাগত মাদকসেবীদের অবাধ আনাগোনার কারণে এলাকার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মাদক কারবারিদের অপত্পরতার জেরে চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হালিম বলেন, মাদকের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের সোচ্চার হতে হবে। মাদক প্রতিরোধে পুলিশ প্রশাসন সবসময় এলাকাবাসীর পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবে। মাদক কারবারিরা যত শক্তিশালীই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।মাদকবিরোধী এই কার্যক্রমে এলাকাবাসীকে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন