আগস্ট ৪, ২০২৬, ০৮:৪৭ পিএম
দিনাজপুরের বিরলে দেশীয় মৎস্য সম্পদ রক্ষা এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। বিরলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকার বেশি। পরে জব্দকৃত এসব জাল উপজেলা পরিষদ চত্বরে এনে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার বিকেলে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিরল উপজেলার বিভিন্ন জলমাসে এই অভিযান চালানো হয়। বিরল উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, উপজেলার পাঁচ নম্বর বিরল ইউনিয়ন ও দশ নম্বর রানীপুকুর ইউনিয়নের তুলাই নদীর বিভিন্ন অংশ থেকে চল্লিশটি চায়না দুয়ারি জাল এবং দশটি কারেন্ট জাল পানি থেকে জব্দ করা হয়। পরিবেশ ও মৎস্য প্রজাতির জন্য অত্যন্ত হুমকি স্বরূপ এসব জালের অবৈধ ব্যবহার রোধে প্রশাসনের এমন পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয়রা।
অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠানে অংশ নেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী নাজমুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। দেশীয় মাছের প্রজাতি সুরক্ষায় এই ধরনের তদারকি ও অভিযান আগামীতেও নিয়মিত অব্যাহত রাখা হবে বলে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন