আগস্ট ৯, ২০২৬, ০৬:৫৭ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর আনুষ্ঠানিক সমাপনী ও বছরব্যাপী কার্যক্রম পরিচালনা নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাতৃদুগ্ধ পানের প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এবারের নির্ধারিত প্রতিপাদ্য ছিল জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আফরোজ সুলতানা। বক্তব্যে তিনি নবজাতকের জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে মায়ের দুধ খাওয়ানো শুরু করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ এবং পরবর্তীতে পরিপূরক পুষ্টিকর খাবারের পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি। মায়ের দুধ শিশুর সঠিক পুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং একটি সুস্থ-সবল জাতি গঠনে একেবারেই অপরিহার্য বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা অভিমত ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু ও শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক স্বীকৃতি ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক চিকিৎসক মো. মনিরুল ইসলাম এবং জুনিয়র কনসালটেন্ট অ্যানেসথেসিয়া চিকিৎসক মো. আসাদ শেখ পারভেজ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা দিনব্যাপী এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন