আগস্ট ১৮, ২০২৬, ১১:৪১ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে আনুমানিক ১০ থেকে ১১ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ভর্ণাপাড়া টঙ্গী ঈদগাহ মাঠসংলগ্ন নদী এলাকা থেকে ওই শিশুর নিথর দেহটি উদ্ধার করা হয়।
উজান থেকে ভেসে এসে মরদেহটি নদীর একটি বাঁকে আটকা পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান, রাতে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই দিন আগে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। নদীর স্রোতে ভেসে এসে এটি এখানে আটকা পড়েছে। এখন পর্যন্ত শিশুটির কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে তিনি নিশ্চিত করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন