আগস্ট ২১, ২০২৬, ১১:৫০ এএম
মাদককে দূরে রেখে যুবসমাজকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে দিনাজপুরের হিলিতে ওয়ানডে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে স্থানীয়ভাবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার সকালে হিলির চুড়িপট্টি ফুটবল মাঠে আনন্দঘন পরিবেশে খেলাটির উদ্বোধন করা হয়।
সূর্যমুখী ক্লাব ও লাইব্রেরির উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ সূচনা করেন হাকিমপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীনুর ইসলাম শাহীন মন্ডল। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় লাবিব একাদশ বনাম নীরব কিং একাদশ পরস্পরের মুখোমুখি হয়। দিনব্যাপী এই ওয়ানডে ফুটবল টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে, যা স্থানীয় দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
টুর্নামেন্টের আকর্ষণীয় পুরস্কার হিসেবে বিজয়ী দলের জন্য একটি বড় খাসি এবং পরাজিত দলের জন্য একটি ছোট খাসি নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হজরত আলী সরকার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ছাইফুল ইসলামসহ অন্যান্যরা। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের টুর্নামেন্ট যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন