বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বীরগঞ্জে স্লুইসগেট বন্ধ হতেই মাছ ধরার উৎসবে মেতেছে মানুষ

মোঃ আরিফ ইসলাম

সেপ্টেম্বর ২, ২০২৬, ০৭:৩৮ পিএম

বীরগঞ্জে স্লুইসগেট বন্ধ হতেই মাছ ধরার উৎসবে মেতেছে মানুষ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদীর স্লুইসগেট বন্ধ করার পর দিনব্যাপী মাছ ধরার উৎসবে মেতে উঠেছেন স্থানীয় শত শত গ্রামবাসী। আজ বুধবার সকাল থেকে উপজেলার স্লুইসগেট সংলগ্ন নদী এলাকায় বিভিন্ন দেশীয় সরঞ্জাম নিয়ে পানিতে নেমে পড়েন নারী-পুরুষসহ সব বয়সী মানুষ। স্লুইসগেট বন্ধ থাকায় নদীর উজানে পানি কমতে শুরু করলে নানা প্রজাতির মাছ আটকা পড়ে, যা ধরতে নদীর দুই পাড়ে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ।

নদীর দুপাড়েই দিনভর ছিল মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকে কেউ সাধারণ জাল, কেউ ঝাঁকিজাল বা খেপলাজাল, আবার কেউ হাত দিয়ে কিংবা পলো ব্যবহার করে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েন। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও এই আনন্দযজ্ঞে শামিল হন। নদীর পাড়ে দাঁড়িয়ে শত শত উৎসুক দর্শনার্থী এই মাছ ধরার দৃশ্য উপভোগ করেন। এতে পুরো এলাকা রূপ নেয় এক গ্রামীণ মিলনমেলায়।

স্থানীয়দের তথ্যমতে, বর্ষায় নদীতে পর্যাপ্ত পানি বাড়ার পর স্লুইসগেটের কপাট নামিয়ে দিলে দেশীয় প্রজাতির প্রচুর মাছ সেখানে আটকা পড়ে। প্রতি বছরই এই মৌসুমে এমন সুযোগ তৈরি হলে এলাকার বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে দল বেঁধে মাছ শিকারে নামেন। 

সারাদিনের পরিশ্রমে রুই, কাতলা, পুঁটি, ট্যাংরাসহ বিভিন্ন আকারের মাছ হাতে পেয়ে সবার মুখেই ছিল আনন্দের ছোঁয়া। অনেকেই পরিবারের খাওয়ার জন্য মাছ সংগ্রহ করেন, আবার কেউ কেউ বাড়তি মাছ স্থানীয় বাজারে বিক্রির প্রস্তুতি নেন। গ্রামবাংলার আবহমান ঐতিহ্যের অংশ হিসেবে এই মাছ ধরার আয়োজন শুধু খাদ্য সংগ্রহের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এটি পরিণত হয় স্থানীয়দের সৌহার্দ্যপূর্ণ আনন্দ উৎসবে।