শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১২:৫৯ পিএম

দিনাজপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুর স্টেডিয়াম প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে এই আঞ্চলিক ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই বলে উদ্বোধনী অনুষ্ঠানে তাগিদ দেওয়া হয়। জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য তুলে ধরেন জাতীয় কাবাডি কোচ ও জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল) প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম এবং বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদুর আলম। বক্তারা তৃণমূল পর্যায়ে শিক্ষার্থীদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ বৃদ্ধির আহ্বান জানান।

বিভিন্ন ডিসিপ্লিনের খেলা পরিচালনায় দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ ক্রীড়া সংগঠকেরা। মাঠের খেলা ব্যবস্থাপনায় সম্পৃক্ত রয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ওবায়দুর রহমান, আক্তারুল ইসলাম রাঙ্গা, মাজেদুর রহমান, নুরুজ্জামান বেলাল, ফাহিমা ইয়াসমিন কলি, আনোয়ার ইসলাম, হাজরা খাতুন ও মোতাহার হোসেনসহ বিভিন্ন পৌরসভার শারীরিক শিক্ষা শিক্ষকবৃন্দ। সূচি অনুযায়ী, দিনাজপুর স্টেডিয়ামে ছাত্র ও ছাত্রীদের কাবাডি, দাবা এবং হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ৯টায় গোবরাপাড়া সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতা আয়োজিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান উল্লেখ করেন, একজন সুনাগরিক হিসেবে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে হলে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকা অত্যন্ত জরুরি। তিনি বলেন, একমাত্র নিয়মতান্ত্রিক ক্রীড়া চর্চাই পারে সুস্থ শরীর ও মন বজায় রেখে নতুন প্রজন্মের মেধা বিকশিত করতে। নিয়মিত শরীরচর্চা ও মাঠের প্রতিযোগিতার মধ্য দিয়ে ভবিষ্যৎ জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব বলে তিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।