সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০২:৩৯ পিএম
পরিবেশবান্ধব গ্রাম হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের শিবডাঙ্গা গ্রাম। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনাজপুর এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা ও রাসায়নিকমুক্ত চাষাবাদের সফলতার স্বীকৃতি হিসেবে গ্রামটিকে এই মর্যাদা দেওয়া হয়েছে। গ্রামের জমিতে এখন শুধুই জৈব সারের ব্যবহার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিবডাঙ্গা গ্রামকে আনুষ্ঠানিকভাবে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা করেন ৫ নম্বর শশরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির আনাফ। আলোচনা সভায় তিনি বলেন, ফসলি জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের কারণে মানবদেহে নানা ধরনের জটিল রোগব্যাধি বাড়ছে। পরিবেশবান্ধব ব্যবস্থা একটি সামগ্রিক মানবিক কাঠামো, যা মানুষের সুস্থ ও স্বাভাবিক বিকাশকে ত্বরান্বিত করে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা ক্ষতিকর উপাদান বর্জন করে প্রাকৃতিক ব্যবস্থাপনায় ফিরে আসছেন।
দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা বক্তব্য দেন। স্বাগত বক্তব্যে ইকো ভিলেজের সভাপতি চৈতি রানী জানান, মাটির উর্বরতা পুনরুদ্ধার ও ফলন বাড়াতে তারা শতভাগ কেঁচো কম্পোস্ট ও জৈব সার ব্যবহার করছেন, যার মাধ্যমে বাজারে বিষমুক্ত সবজি সরবরাহ সম্ভব হচ্ছে। আলোচনায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সংশ্লিষ্ট ইউনিয়নের কৃষি কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম এবং ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান।
সভাপতির বক্তব্যে সেবাস্টিয়ান পিউরীফিকেশন উল্লেখ করেন, নির্ধারিত ১০টি নির্দেশক যথাযথভাবে বাস্তবায়নের ফলেই শিবডাঙ্গা গ্রাম এই স্বীকৃতি অর্জন করেছে। এর মধ্যে রয়েছে বিষমুক্ত ফসল উৎপাদন, ঝুলন্ত বাগান, ভার্মি কম্পোস্ট তৈরি, বাড়ির আঙিনায় সবজি চাষ, নিজস্ব ব্যবস্থাপনায় ডাস্টবিন নির্মাণ এবং গৃহপালিত পশু-পাখি পালন। পুরো কার্যক্রমটির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন সংস্থাটির প্রোগ্রাম অফিসার ইষ্টেলা সরেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন