সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০২:৫৮ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি ব্যতিক্রমী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ৬ নম্বর নিজপাড়া ইউনিয়নের কল্যাণী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোর ভুবন সামাজিক সংঘ ও টিএমএসএসের যৌথ উদ্যোগে এই সেবামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
অসহায় জনগোষ্ঠীর দ্বারে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আহসান হাবীব শাহীন। এ সময় বিশেষ উপস্থিতি হিসেবে অংশ নেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ফুটবলার মো. আক্কাস আলী, ৬ নম্বর নিজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ফারুক সরকার এবং ৬ নম্বর নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান আনিসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মেডিকেল ক্যাম্পে সকাল থেকেই স্থানীয় এলাকার বিভিন্ন বয়সী রোগী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বিশেষজ্ঞ চিকিৎসকেরা আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন। প্রত্যন্ত এলাকায় হাতের নাগালে বিনা খরচে স্বাস্থ্যসেবা ও পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
আয়োজকদের পক্ষে চিত্ত রঞ্জন রায় জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যঝুঁকি কমিয়ে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, আগামী দিনগুলোতেও সাধারণ মানুষের কল্যাণে এমন মানবিক ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন