বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের সংবর্ধনা অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৫:৩৯ পিএম

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের সংবর্ধনা অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের স্নাতক নার্সিং কোর্সের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং প্রথম বর্ষের নবীনদের পেশাগত মর্যাদার প্রতীক শিরোভূষণ, কোমরবন্ধনী ও ব্যাজ প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুরের শহীদ গুলজার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে স্নাতক নার্সিং কোর্সের পাশাপাশি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি প্রথম বর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ব্যাজ ও শিরোভূষণ পরিয়ে দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সেখ সাদেক আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ডাক্তার শারমিন সাত্তার। স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ মোস্তফা বেগম। সভায় বক্তারা নার্সিং পেশার মহত্ত্ব ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়ে আর্তমানবতার সেবায় শিক্ষার্থীদের আত্মনিয়োগের আহ্বান জানান।

দিনাজপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সারোয়ার মোর্শেদ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন। বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কলেজের গভর্নিং বডির সদস্য এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ কোহিনুর বেগম, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার সুধা রঞ্জন রায় এবং জিয়া হার্ট ফাউন্ডেশনের চিকিৎসা শিক্ষা পরিচালক আ ফ ম মোস্তফা সরকার। 

অনুষ্ঠানে কলেজের সচিব মো. শাহজাহান আলীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন স্নাতক নার্সিং চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মাহাফুজ আলম ও সাদিয়া আফরোজ সাবা। বিদায় সংবর্ধনা ও ব্যাজ প্রদান পর্বের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। নাচ, গান ও নাট্যাভিনয় পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।