বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,

দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়ের সনদপত্র বিতরণ ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

অক্টোবর ৭, ২০২৬, ০৩:০৭ পিএম

দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়ের সনদপত্র বিতরণ ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার সনদপত্র বিতরণ ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) শহরের রাজবাটী আরপিটিআই মিলনায়তনে ধ্রুব পরিষদের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। বিদ্যালয়ের সভাপতি নিজামউদ্দীন আহমেদ রয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ।

বক্তারা বলেন, প্রাণের সাথে গানের নিবিড় সম্পর্ক রয়েছে। মানুষের ক্ষুধা লাগলে যেমন খাবারের প্রয়োজন হয়, ঠিক তেমনি মনের খোরাক মেটাতে সঙ্গীত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়কে শিল্পী গড়ার কারখানা হিসেবে উল্লেখ করে বলেন, এখান থেকে গান শিখে বহু শিল্পী দেশ ও বিদেশে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন কবি ও গবেষক প্রফেসর মোজাম্মেল বিশ্বাস, রাজবাটী আরপিটিআইয়ের অধ্যক্ষ চিকিৎসক মো. রায়হানুল ইসলাম এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিহার রঞ্জন রায়। অতিথি হিসেবে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধ্রুব পরিষদ বাংলাদেশের আঞ্চলিক সম্পাদক রাজিউদ্দীন চৌধুরী ডাব্লিউ, স্থানীয় সমাজসেবক ও রাজনীতিবিদ মো. আব্দুল মান্নান সরকার, সমাজসেবক ও রাজনীতিবিদ মো. জালাল উদ্দিন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবিউল আউয়াল খোকা। কবি ও গবেষক বিধান দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবাশীষ ভট্টাচার্য, সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সুজন দে, সুশীল অধিকারী এবং এরফান আলী চৌধুরী।

বক্তব্য পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন প্রিয়াংকা ঘোষ, প্রিয়াংকা দাস চৈতি, আরাধনা সেন, প্রজ্ঞা ঘোষ, কয়েল রায়, রনতু রায়, অদিজা বসাক, স্নিগ্ধা কর্মকার, উষসি বসাক এবং বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী নজরুল ইসলাম নাজু। শিল্পীদের সঙ্গে তবলায় সংগত করেন সৃজন দাস। সঙ্গীতানুষ্ঠান শেষে ধ্রুব পরিষদ আয়োজিত বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষ।