অক্টোবর ২৬, ২০২৫, ০৮:৩০ পিএম
দিনাজপুরের বিরল উপজেলায় পিছিয়ে পড়া হত-দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) উপজেলার ৩নং ধামইর ইউনিয়ন পরিষদ হলরুমে এই ছাগল বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।বেসরকারি উন্নয়ন সংস্থা 'গ্রাম উন্নয়ন প্রচেষ্টা' (জিইউপি) এই কর্মসূচির আয়োজন করে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-ঢাকা’র অর্থায়নে ‘ছাগল পালন প্রকল্প’-এর আওতায় ২০ জন নারীর মাঝে ২টি করে মোট ৪০টি ছাগল বিতরণ করা হয়।
ছাগল বিতরণের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রাম উন্নয়ন প্রচেষ্টা (জিইউপি)’র নির্বাহী পরিচালক ফরিদা বেগম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ৩নং ধামইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোসলেম উদ্দিন।প্রধান অতিথির বক্তব্যে মোঃ আনিছুর রহমান বলেন, "হত-দরিদ্র ২০ জন নারীর মাঝে এই ছাগল বিতরণ করা হচ্ছে। তাদের ক্ষমতায়ন বৃদ্ধি ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ছাগল পালন কর্মসূচি যথেষ্ঠ অবদান রাখবে।"
সভাপতির বক্তব্যে ফরিদা বেগম বলেন, "তৃণমূল পর্যায়ে হত-দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজকের এই ছাগল বিতরণ।"কর্মসূচির আওতায় উপকারভোগীদের ছাগল পালন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট পশু চিকিৎসক ডাঃ মোঃ মঞ্জুরুল ইসলাম।এ সময় অনুষ্ঠানে ইউপি সদস্য মোঃ মালেক, সদস্যা হারেসা খাতুনসহ অন্যান্য ইউপি সদস্য-সদস্যা ও পরিষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন