মোঃ ফরহাদ হোসেন
অক্টোবর ২৭, ২০২৫, ০৫:১৬ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাহাদুরহাটে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (ঠাকুরগাঁও অঞ্চল–২) এর উদ্যোগে এবং গ্রামীণ চক্ষু হাসপাতাল, ঠাকুরগাঁও-এর সহযোগিতায় সোমবার (২৭ অক্টোবর) এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ক্যাম্পে এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ডিভিশনাল কো-অর্ডিনেটর (এস.এস. লিভ জেনারেশন) আব্দুল মোনায়েম খান। সভাপতিত্ব করেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের এলাকা ব্যবস্থাপক মাহাবুবুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক (ঠাকুরগাঁও) আবু বক্কর, আঞ্চলিক সমন্বয়কারী (এস.এস. লিভ জেনারেশন) ফরিদা ইয়াসমিন, সহকারী জেলা সমন্বয়কারী দুলাল হোসেন এবং বাহাদুরহাট শাখা ব্যবস্থাপক মাজেদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, ব্র্যাক শুধু ক্ষুদ্রঋণ কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় গ্রামের সাধারণ মানুষ যাতে সহজে ও বিনামূল্যে চোখের চিকিৎসা নিতে পারেন, সেজন্য এ চক্ষু পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
চিকিৎসা নিতে আসা বাহাদুরহাটের গৃহিণী সেলিনা বেগম বলেন, "আমাদের মতো গ্রামের মানুষদের জন্য বিনামূল্যে চোখ পরীক্ষা সত্যিই অনেক উপকারের। চোখের সমস্যাটা আগে বুঝতে পারিনি, এখন চিকিৎসা নিতে পারছি।"
চাপাপাড়ার নূরজাহান বেগম বলেন, "আগে চোখে ঝাপসা দেখতাম। ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চোখ পরীক্ষা করার পর আমি চশমা পেয়েছি, যা আমার জন্য অনেক উপকার হয়েছে।"
আয়োজকরা জানান, দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় চার শতাধিক চক্ষুরোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং আড়াই শতাধিক রোগীর মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।