রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

‘চেয়ারম্যানরা নিরপেক্ষ থাকলেই গ্রাম আদালতে মানুষ বিচার পাবে’

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৫, ০৫:২৮ পিএম

‘চেয়ারম্যানরা নিরপেক্ষ থাকলেই গ্রাম আদালতে মানুষ বিচার পাবে’

"গ্রাম্য আদালতে বিচারকার্য পরিচালনা করার সময় ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার কাজ পরিচালনা করতে হবে, তবেই বিচারপ্রার্থীরা নিরপেক্ষ বিচার পাবে।"

মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অংশীজনদের সাথে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জাতীয় প্রকল্প পরিচালক (এডিসিবি-তৃতীয় পর্যায় প্রকল্প) সুরাইয়া আখতার জাহান।

তিনি বলেন, "বিচার কাজ পরিচালনার সময় ইউপি চেয়ারম্যানদের সাবধানতা অবলম্বন করতে হবে যাতে তারা কোনো পক্ষের দ্বারা প্রভাবিত না হন। যদি এ ধরনের কার্যক্রম গ্রাম্য আদালতে হয়, তাহলে বিচারপ্রার্থীরা নিরপেক্ষ বিচার থেকে বঞ্চিত হবেন। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যারা এখন কর্মরত রয়েছি, তারা প্রত্যেকেই স্বচ্ছ ও নিরপেক্ষ, দুর্নীতিমুক্তভাবে কাজ করে যাচ্ছি। এ অবস্থা জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও গ্রাম্য আদালতকে অবশ্যই পালন করতে হবে।"

অতিরিক্ত সচিব আরও বলেন, "এ অবস্থা বহাল করতে পারলে দেশের তৃণমূল পর্যায়ের অনেক ঘটনাই গ্রাম্য আদালতে সহজেই নিষ্পত্তি করা সম্ভব হবে। এ বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে কাজ করব বলে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই।"

দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জানে আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, ইউএনডিপির ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর বিভাষ চক্রবর্তী, জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. আব্দুল মতিন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মো. রওনাকুল ইসলাম, সিনিয়র জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শেফা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোর্শেদ আলী খান এবং ইএসডিওর ফোকাল পারসন মো. তোফাজ্জল হোসেন।

মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হিসাব সহকারী ও আমন্ত্রিত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন কার্যক্রমের তথ্য প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন ডিডিএলজি মো. রিয়াজ উদ্দিন।