শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

এক মাসে সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার মাদক উদ্ধার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ০৮:৪৯ পিএম

এক মাসে সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার মাদক উদ্ধার

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি'র দায়িত্বপূর্ণ সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত অক্টোবর মাসে (১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর) এক চোরাকারবারিসহ মোট ২৭ লাখ ৪৪ হাজার ৬০ টাকার বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চোরাচালান প্রতিরোধে মাসব্যাপী অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে বিজিবি জানিয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে:

  • বিদেশী মদ: ২০৮ বোতল

  • ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট: ২৭ হাজার ৭৫৭ পিস

  • ইনজেকশন: ১ হাজার ৩৯৮ পিস

  • ফেন্সিডিল: ১৯ বোতল

  • স্কফ সিরাপ: ৬২ বোতল

  • যৌন উত্তেজক সিরাপ: ২ হাজার ১৭৬ বোতল

  • এছাড়াও ৩০ প্যাকেট কীটনাশক ও বিভিন্ন প্রকার কসমেটিকস আটক করা হয়েছে।

মাসব্যাপী অভিযানে গত ১৬ অক্টোবর ব্যাটালিয়নের অধীনস্থ রুদ্রানী বিওপি অভিযান চালিয়ে ফুলবাড়ী উপজেলার রুদ্রানী গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. হানিফ সরকার (৩৬) কে আটক করে। এ ছাড়া, গত ৩১ অক্টোবর বড়গ্রাম সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮৪ বোতল ভারতীয় সিরাপ এবং বনতাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২ হাজার ২৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

ফুলবাড়ী ২৯ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাবের বিন জব্বার জানান, দিনাজপুর সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত অক্টোবর মাসে এক চোরাকারবারিসহ ২৭ লাখ ৪৪ হাজার ৬০ টাকার বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সীমান্তে কঠোর নজরদারি বজায় রেখেছে এবং টহল জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।