নভেম্বর ২, ২০২৫, ১০:০০ পিএম
দিনাজপুর সদর আসনের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির নেতা বখতিয়ার আহমেদ কচি বলেছেন, দেশে গণতন্ত্রকে নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। তিনি উল্লেখ করেন, তারেক রহমানের দেওয়া এই ৩১ দফার মধ্যে দেশের অর্থনীতিকে সুসংগঠিত করার পরিকল্পনা রয়েছে। তাই ৩১ দফার গুরুত্ব জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে।
২ নভেম্বর রবিবার বিকেলে দিনাজপুর শহরের গনেশতলা, মডার্ন মোড়, নিমতলা, মুন্সিপাড়া, বুটিবাবুর মোড়সহ বিভিন্ন এলাকার দোকানপাট, পথচারী ও সাধারণ জনগণের মাঝে তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণকালে এসব কথা বলেন বখতিয়ার আহমেদ কচি। এ সময় তিনি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের সাথে থাকতে ব্যাপক গণসংযোগ করেন।
বখতিয়ার আহমেদ কচি বলেন, "যদিও বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়, তাহলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে বিএনপি। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আবার যদি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য ডাক পড়ে, আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে।"
বিএনপির এই নেতা আরও বলেন, "যারা আমরা বিএনপি করি, তাদের মনে-প্রাণে ৩১ দফা লালন করতে হবে। কারণ ৩১ দফার মধ্যেই রাষ্ট্রের মুক্তি, আমাদের মুক্তি আছে। এই ৩১ দফার মধ্যে এমন কিছু জিনিস আছে, যা ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দল দানবে পরিণত হতে পারবে না।"
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোন্নাফ মুকুল, কৃষক দলের সদস্য সচিব মজিবর রহমান মজিদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেলসহ জেলা, পৌর ও কোতোয়ালি বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন