রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ০৯:০১ পিএম

ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ ও বোরোধান (উফশী) আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই সার ও বীজ বিতরণ করা হয়।বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্চিতা রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা বেগম, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, জাতীয় নাগরিক পার্টি দিনাজপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ, ফুলবাড়ী শাখার যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ জানান, রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার সাতটি ইউনিয়ন এবং পৌর এলাকার ২ হাজার ৫৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।এর মধ্যে বোরোধানের বীজ পাবেন ১ হাজার কৃষক (জনপ্রতি ৫ কেজি), সরিষা বীজ পাবেন ১ হাজার ৩৫০ জন কৃষক (জনপ্রতি ১ কেজি), গম বীজ পাবেন ১৫০ জন কৃষক (জনপ্রতি ২০ কেজি),

পেঁয়াজ বীজ পাবেন ১০ জন কৃষক (জনপ্রতি ১ কেজি) এবং সূর্যমুখী ফুলের বীজ পাবেন ৩০ জন কৃষক (জনপ্রতি ১ কেজি)।এই সকল কৃষককে বীজের সাথে জনপ্রতি ১০ কেজি করে এমওপি (MOP) ও ১০ কেজি করে ডিএপি (DAP) সার বিতরণ করা হবে।