সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে উচ্ছ্বাস-উদ্দীপনায় বিএনপির ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৭, ২০২৫, ০৬:২৯ পিএম

বীরগঞ্জে উচ্ছ্বাস-উদ্দীপনায় বিএনপির ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) সকাল থেকেই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাতে জাতীয় পতাকা ও দলীয় ব্যানার-ফেস্টুন নিয়ে বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে জড়ো হন। বেলা ১১টায় এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা বীরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনার সভাপতিত্বে বীরগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও ধানের শীষ প্রতীকের ঘোষিত প্রার্থী আলহাজ মো. মনজুরুল ইসলাম মঞ্জু।

এসময় তিনি বলেন, "৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনটি জাতির স্বাধীনতা, ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।"

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েলের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা মশিউর রহমান, আব্দুল কাদের, মমতাজুল করিম সাজু, জাকির হোসেন, সিদ্দিক হোসেন, আরিফ মাসুম পল্লব, যুবদল নেতা তানভির চৌধুরী, জেলা কৃষক দল যুগ্ম আহ্বায়ক মো. লাইছুর রহমান লিপু, উপজেলা কৃষক দল সভাপতি ফজলে আলম শাহিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। তাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।