জুলাই ২২, ২০২৬, ০৫:২২ পিএম
দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেসের ডায়ালাইসিস ইউনিটে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জার্মানির তৈরি বি ব্রাউন হেমোডায়ালাইসিস তিনটি নতুন মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার জিয়া হার্ট ফাউন্ডেশন চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন করেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি। হাসপাতালের এই কল্যাণমুখী উদ্যোগ স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।নতুন এই প্রযুক্তি যুক্ত হওয়ার ফলে এলাকার দরিদ্র ও দূরদূরান্ত থেকে আসা কিডনি রোগীরা আরও সহজে ও সাশ্রয়ী মূল্যে আধুনিক চিকিৎসাসেবা লাভ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন, জিয়া হার্ট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এই অঞ্চলের হৃদরোগ ও কিডনি রোগীদের অত্যন্ত বিশ্বস্ততার সাথে চিকিৎসাসেবা দিয়ে আসছে। নতুন ডায়ালাইসিস মেশিন স্থাপনের ফলে কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি হাসপাতালের এই জনকল্যাণমুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে এর ধারাবাহিকতা কামনা করেন।
এ সময় জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ, যুগ্ম সম্পাদক ও মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেসের সাধারণ সম্পাদক মো. আবু তাহের আবু উপস্থিত ছিলেন। এছাড়া জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, কার্যনির্বাহী সদস্য ডা. মো. হাফিজুল ইসলাম, মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেসের সহকারী পরিচালক গোলাম রসুল রকেট এবং জিয়া হার্ট ফাউন্ডেশনের পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ হাসপাতাল পরিচালনা পর্ষদের অন্যান্য নেতৃবৃন্দ, চিকিৎসক ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে নতুন মেশিন চালুর মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন