রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারির পরও পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ০১:৪৫ পিএম

বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারির পরও পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

দেশের বাজারে এক সপ্তাহের বেশি সময় ধরে পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে ঊর্ধ্বমুখী রয়েছে। মাত্র ১০ দিন আগেও প্রতিকেজি পেঁয়াজ যেখানে ৭৫ থেকে ৮৫ টাকায় বিক্রি হতো, সেখানে বর্তমানে দাম বেড়ে ১৩০ টাকা পর্যন্ত উঠেছে। এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ঘোষণা এলেও তার কোনো প্রতিফলন বাজারে দেখা যাচ্ছে না।

সর্বশেষ গত ৯ নভেম্বর বাণিজ্য উপদেষ্টা হুঁশিয়ারি দিয়েছিলেন যে, চলতি সপ্তাহের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি করা হবে।

উপদেষ্টার এই কঠোর বার্তার পরও বুধবার রাজধানীর বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম কমেনি। বরং ক্ষুদ্র ব্যবসায়ীরা জানিয়েছেন, মঙ্গলবারের তুলনায় বুধবার পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। বুধবার কিছুটা ছোট সাইজের প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা থেকে ১১৫ টাকা দরে।

বাছাইকৃত বড় সাইজের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা থেকে ১৩০ টাকা পর্যন্ত।

পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রধান কারণগুলো:

  • উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপে মধ্যস্বত্বভোগীদের ব্যাপক দৌরাত্ম্য।

  • পেঁয়াজ সংরক্ষণের আধুনিক ব্যবস্থার অভাব।

  • মৌসুমের শেষ পর্যায় হওয়ায় স্বাভাবিকভাবেই সরবরাহ কম থাকা।

  • বৃষ্টির কারণে পেঁয়াজের ক্ষতি হওয়া এবং আমদানি বন্ধ থাকা।

বিশ্লেষকরা বলছেন, প্রতি বছর মৌসুম শেষের দিকে এসে পেঁয়াজের দামে বড় উল্লম্ফন দেখা যায়। বিশেষ করে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বাজারে পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি হয়। নতুন পেঁয়াজ পুরোপুরি বাজারে না আসা পর্যন্ত এই অস্থিরতা চলমান থাকে। সরকারের উচিত বছরের এই শেষ সময়কে টার্গেট করে পেঁয়াজ সংরক্ষণের জন্য স্থায়ী একটি সমাধান খোঁজা এবং অর্থনীতিকে স্থিতিশীল রাখা।