রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আমদানির খবরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৫, ০৩:৩৬ পিএম

আমদানির খবরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। অর্থনীতির এই গুরুত্বপূর্ণ খাতে স্থিতিশীলতা ফেরাতে সারাদেশেই এখন ভারতীয় পেঁয়াজের দিকে নজর রয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছেন আমদানিকারকরা। চলতি বছরের ৩০ আগস্ট থেকে ভারত হতে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।

তবে রোববার (৭ ডিসেম্বর) দুপুরের পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে বলে আমদানিকারকরা জানিয়েছেন।

রোববার সকালে হিলির কাঁচাবাজার ঘুরে দেখা যায়, ভারত থেকে আমদানির খবরে মোকামে দাম কমে যাওয়ায় খুচরা বাজারেও দাম কমেছে।

পেঁয়াজের ধরন দামের পরিবর্তন বর্তমান খুচরা মূল্য
দেশি মুড়ি কাটা পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ১০০ টাকা
দেশি শুকনো মানের পেঁয়াজ কেজি প্রতি ২০ টাকা কমে ১১০ টাকা

হিলি বাজারে পেঁয়াজ বিক্রেতা শাকিল হোসেন বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশের বিভিন্ন মোকামে পেঁয়াজের দাম কমায় আমরা কম দামে কিনে কম দামে খুচরা বাজারে বিক্রি করছি।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, বাণিজ্য মন্ত্রণালয় অল্প পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। প্রতিদিন ৫০ জন আমদানিকারক আইপি (ইমপোর্ট পারমিট) পাবেন এবং একজন আমদানিকারক ৩০ টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। তিনি সরকারের কাছে পেঁয়াজ আমদানির জন্য আইপি উন্মুক্ত করে দেওয়ার অনুরোধ জানান।

পেঁয়াজ কিনতে আসা ক্রেতারা নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়ে বলেন, দেশের মোকামে কিছু কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বৃদ্ধি করে দেয়। দেশি পেঁয়াজ ৫০ থেকে ৬০ এবং ভারত থেকে আমদানি করা পেঁয়াজ কেজি প্রতি ৩০ টাকার মধ্যে থাকলে তাদের জন্য ভালো হবে।