মুকুল চট্টোপাধ্যায়
ডিসেম্বর ৮, ২০২৫, ০৫:৪৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
তিন মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত রোববার বিকেল সাড়ে ৪টায় ভারত থেকে পেঁয়াজবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। বন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রকি এন্টারপ্রাইজ ভারত থেকে এই পেঁয়াজ আমদানি করে।
হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, ভারত থেকে আমদানি বন্ধ থাকায় দেশের বাজারে মসলাজাতীয় পণ্য পেঁয়াজের দাম পর্যায়ক্রমে বৃদ্ধি পায়।
ফলে ডিসেম্বরের শুরু থেকে গত শনিবার পর্যন্ত হিলিসহ দেশের বিভিন্ন বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৫০ টাকায়, যা নিয়ে ভোক্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
আমদানিকারকরা আরও জানান, দেশে পেঁয়াজের দামের অস্থিরতা ঠেকাতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার গত শনিবার রাতে আমদানি করার সিদ্ধান্ত নেয়। এই খবর ছড়িয়ে পড়লে গত রোববার সকাল থেকেই হিলিসহ দেশের বিভিন্ন বাজারে দাম কমতে শুরু করে। ফলে কেজিতে অন্তত ৩০ থেকে ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ।বন্দরের কাস্টমস রাজস্ব কর্মকর্তা এম জামান বাধন জানান, গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এই বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজবাহী ট্রাক দেশে প্রবেশ করে। দেশের বাজারে আমদানিকৃত পেঁয়াজগুলো দ্রুত পৌঁছাতে পারে, সেজন্য খালাসের ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত আগস্ট মাসের ৩১ তারিখ থেকে হিলি দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। সরকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় রোববার থেকে আবারও পেঁয়াজের আমদানি শুরু হয়েছে।হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করার জন্য ৪ জন আমদানিকারক আইপি (অনুমতি) পেয়েছেন। তিনি নিশ্চিত করেন, সরকারের বন্ধের ঘোষণা না দেওয়া পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে।