ডিসেম্বর ১০, ২০২৫, ১১:১৯ পিএম
দীর্ঘদিন ধরে আন্দোলনরত মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবির মুখে পুরনো ফোন আমদানির অনুমোদন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কোন মডেলের পুরোনো ফোন বিদেশ থেকে আনা যাবে, তা নির্ধারণ করে দেবে সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোন আমদানিতে কোনো বাধা নেই।
তবে কত পুরোনো ফোন আমদানি করা যাবে এবং কোন কোন মডেলের ফোন আনা যাবে, সে বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাণিজ্য মন্ত্রণালয়সহ অন্যান্য উপযুক্ত কর্তৃপক্ষকে অবহিত করবেন।
সকল পক্ষকে আগামীকাল ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে লিখিতভাবে এই বিষয়ে তাদের প্রস্তাব জানাতে বলা হয়েছে।দেশে ব্যবহার করা মোবাইল ফোনের তথ্যভান্ডার এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) ব্যবস্থা চালু নিয়ে আন্দোলনরত ‘আনঅফিসিয়াল ফোন’ বা ‘গ্রে মার্কেটের’ ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিক সভা শেষে এই সিদ্ধান্ত এলো। বুধবার সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত বহুপক্ষীয় ওই সভায় একই সঙ্গে অবৈধ বা আনঅফিসিয়াল ফোনগুলো আগামী ১৫ মার্চ পর্যন্ত নিবন্ধন করার সুযোগ রাখার সিদ্ধান্ত হয়।
সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর থেকেই এনইআইআর ব্যবস্থা চালু হবে। অন্যদিকে, মোবাইল ফোন আমদানিতে শুল্ক পুনর্নির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ বিষয়ে মধ্যস্থতা করবে বলে জানানো হয়েছে। আমদানিকারক ও উৎপাদনকারীরা একসঙ্গে বসে সরকারকে লিখিতভাবে তাদের পরামর্শ জানাবে।
এ বিষয়ে বৈঠকের পর মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) সভাপতি মোহাম্মদ আসলাম জানান, বৈঠকে শর্ত সাপেক্ষে পুরনো ফোন আমদানির অনুমোদন দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে তিনি ট্যাক্স নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ৫৭ শতাংশ ট্যাক্স দিয়ে ফোন আমদানি করলে তা স্থানীয়ভাবে যারা ফোন বানাবে, তাদের সঙ্গে প্রতিযোগিতা করা কঠিন হবে। তিনি দাবি করেন, ট্যাক্স যেন সহনীয় হয় এবং ফোনের দাম যেন না বাড়ে, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে ফোন কিনতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন