রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এলপিজির নতুন দাম ঘোষণা সোমবার

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৭:৩৭ পিএম

এলপিজির নতুন দাম ঘোষণা সোমবার

ফেব্রুয়ারি মাসে রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে আগামীকাল। সোমবার (২ ফেব্রুয়ারি) এক মাসের জন্য এলপিজির নতুন এই মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি (২০২৬) মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী এই মূল্য সমন্বয় করা হবে। সোমবার দুপুর ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনের কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ডিসেম্বরের তুলনায় ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে ডিসেম্বরে এই দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা। বিশ্ববাজারে গ্যাসের দামের ওঠানামা এবং ডলারের বিনিময়ে টাকার মানের ওপর ভিত্তি করে প্রতি মাসেই এই দাম নির্ধারণ করে বিইআরসি।

সাধারণ গ্রাহকদের প্রত্যাশা, ফেব্রুয়ারি মাসের নতুন ঘোষণায় গ্যাসের দাম কিছুটা কমিয়ে সহনীয় পর্যায়ে আনা হবে। তবে আন্তর্জাতিক বাজারে সৌদি সিপির দাম কেমন ছিল, তার ওপরই নির্ভর করছে কালকের ঘোষণা।