মার্চ ৮, ২০২৬, ০৮:৪২ পিএম
চলতি ২০২৬ সালের মার্চ মাসের প্রথম সাত দিনেই দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের বড় ধরনের জোয়ার লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, এই এক সপ্তাহেই প্রবাসীরা ১০৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১৩ হাজার ৪১ কোটি ৮০ লাখ টাকা।
আজ রোববার ৮ মার্চ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন। বর্তমান বাজার দর অনুযায়ী প্রতি মার্কিন ডলার ১২২ টাকা হিসেবে এই হিসাবায়ন করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি মাসের প্রথম সপ্তাহে প্রতিদিন গড়ে দেশে ১৫ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বিশেষ করে গত ৫ মার্চ থেকে ৭ মার্চের মধ্যে অর্থাৎ মাত্র তিন দিনেই দেশে এসেছে ৩ হাজার ৮৪৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৭৭ কোটি ৫০ লাখ ডলার।
সেই হিসেবে গত বছরের তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। বৈধ পথে টাকা পাঠানোর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এই অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছে ব্যাংক সংশ্লিষ্টরা।চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু অর্থাৎ জুলাই মাস থেকে ৭ মার্চ পর্যন্ত সময়কালে দেশে মোট ২ হাজার ৩৫২ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই প্রবাহ বৃদ্ধির হার ২২ দশমিক ১০ শতাংশ। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চলমান চাপ সামাল দিতে এই বিপুল পরিমাণ রেমিট্যান্স দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ডলারের বিনিময় হার এবং ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজতর হওয়ার প্রভাবে প্রবাসীরা আরও বেশি উৎসাহিত হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন