সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৬, ২০২৬, ০৪:৫৪ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দাম

টানা দুই সেশন ঊর্ধ্বমুখী থাকার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার বিশ্ববাজারে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৬ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে এপ্রিল মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ২ দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৪৫৭ ডলারে নেমেছে। 

শুধু স্বর্ণই নয়, একই সঙ্গে নিম্নমুখী রয়েছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামসহ অন্যান্য দামী ধাতুর বাজারদরও।বাজার বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে অগ্রগতির স্পষ্ট ইঙ্গিতের অপেক্ষায় বিনিয়োগকারীরা এখন সতর্ক অবস্থানে রয়েছেন। 

ক্যাপিটাল ডট কমের সিনিয়র আর্থিক বাজার বিশ্লেষক কাইল রড্ডা জানিয়েছেন, আগামী কয়েকদিনের স্বর্ণের দাম মূলত কূটনৈতিক আলোচনার খবরের ওপর নির্ভর করবে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এই দরপতনের পেছনে বড় ভূমিকা রেখেছে। ট্রাম্প দাবি করেছেন যে ইরান একটি চুক্তিতে পৌঁছানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। যদিও ইরানের পক্ষ থেকে সরাসরি আলোচনার খবর অস্বীকার করা হয়েছে, তবে যুদ্ধের তীব্রতা কমার সম্ভাবনা বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ থেকে দূরে সরিয়ে দিচ্ছে।আন্তর্জাতিক বাজারে অন্যান্য ধাতুর মধ্যে স্পট রুপার দাম ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৬৯ দশমিক ৯০ ডলারে নেমেছে। 

এছাড়া স্পট প্লাটিনামের দাম ১ দশমিক ৪ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ২ শতাংশ হ্রাস পেয়েছে। বৈশ্বিক এই পরিস্থিতির প্রভাব খুব দ্রুতই বাংলাদেশের স্থানীয় বাজারে পড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সাধারণত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে।

দেশের বাজারে সবশেষ টানা ছয় দফায় স্বর্ণের দাম কমানো হয়েছে যার মোট পরিমাণ ২৮ হাজার ৯৮৫ টাকা। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী দেশে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা আছে। বিশ্ববাজারে এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকলে দেশের সাধারণ ক্রেতারা আবারও স্বর্ণের দাম কমার সুসংবাদ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।