বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ০৬:৫৬ পিএম

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল

পার্বতীপুরে ভারত থেকে আসা ডিজেল

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে প্রতিবেশী দেশ ভারত থেকে আরও আট হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এসে পৌঁছেছে। ভারতের আসাম রাজ্যের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে এই জ্বালানি তেল পাঠানো হয়েছে। 

শনিবার সকালে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মেঘনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৭ এপ্রিল থেকে ডিজেল পাম্পিং করার এই বিশেষ কার্যক্রম শুরু হয়েছিল। শুক্রবার দিবাগত মধ্যরাতে আট হাজার মেট্রিক টনের চালানটি গ্রহণের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানির নিয়মিত সূচি অনুযায়ী আগামী ১৭ এপ্রিল ডিজেলের আরও একটি বড় চালান বাংলাদেশে আসার কথা রয়েছে। 

এই ধারাবাহিকতায় চলতি এপ্রিল মাসে মোট চারটি ধাপে প্রায় ৪০ হাজার মেট্রিক টন ডিজেল ভারত থেকে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এর আগেও এই পাইপলাইনের মাধ্যমে গত ২৮ মার্চ পাঁচ হাজার মেট্রিক টন এবং ৩১ মার্চ সাত হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছায়। বর্তমানে ভারত থেকে আসা এই ডিজেলগুলো মেঘনা পেট্রোলিয়ামের সংরক্ষিত ট্যাংকে জমা রাখা হচ্ছে। পরবর্তীতে এখান থেকে চাহিদা অনুযায়ী দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় পর্যায়ক্রমে সরবরাহ নিশ্চিত করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সরাসরি পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানির ফলে সময় ও পরিবহন খরচ উল্লেখযোগ্য হারে কমছে। আগে রেল ওয়াগন বা নৌপথে তেল আনতে যে দীর্ঘ সময় ও ঝুঁকি থাকত, এখন তা অনেকটাই কমেছে। এছাড়া নিরাপদ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রেও এই আন্তর্জাতিক পাইপলাইনটি বড় ভূমিকা রাখছে। উত্তরাঞ্চলের কৃষি সেচ ও শিল্প খাতে ডিজেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে আসা এই তেলের চালানগুলো বড় সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।