জুলাই ৪, ২০২৬, ১১:৩৪ এএম
দেশের জ্বালানি মজুত সক্ষমতা বাড়াতে আরও পাঁচ লাখ মেট্রিক টন জ্বালানি তেল কিনছে সরকার। দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড সচল রাখা এবং জ্বালানি খাতের অভ্যন্তরীণ চাহিদা মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সিঙ্গাপুরের খ্যাতনামা প্রতিষ্ঠান ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড এই জ্বালানি সরবরাহ করবে, যার ব্যয় ধরা হয়েছে সাত হাজার ৬৭২ কোটি ৬৬ লাখ টাকা।
দেশে ৯০ দিনের মজুত সক্ষমতা নিশ্চিত করতে এই আমদানি করা হচ্ছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোট চার লাখ ৮০ হাজার মেট্রিক টন তেল আমদানি করা হবে। এর মধ্যে তিন লাখ ৯০ হাজার মেট্রিক টন ডিজেল এবং ৯০ হাজার মেট্রিক টন জেট ফুয়েল বা উড়োজাহাজের জ্বালানি রয়েছে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জানিয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে এই জ্বালানি সংগ্রহ করছে। সম্প্রতি বিপিসির এই সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, সরকার সাধারণত প্রতি ছয় মাস পরপর দেশের চাহিদার ওপর ভিত্তি করে ডিজেল ও জেট ফুয়েল আমদানি করে থাকে। জুন, জুলাই ও আগস্ট—এই তিন মাসের চাহিদার বিপরীতে বিপিসি প্রস্তাব পাঠালে তা মন্ত্রিসভা কমিটি অনুমোদন করে।
তিনি আরও জানান, প্রশাসনিক ছাড়পত্র পাওয়ার পর বিপিসি সরবরাহকারী প্রতিষ্ঠানকে নোটিফিকেশন অব এওয়ার্ড বা নোয়া দেবে। এরপর থেকেই তেল সরবরাহ শুরু হবে।জ্বালানি খাতের এই আমদানির ফলে দেশের অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা আরও সুসংহত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন