শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

মে মাসে ১৯ জাহাজে দেশে আসছে সাড়ে ৫ লাখ টনের বেশি জ্বালানি

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৬, ২০২৬, ১২:৩৮ এএম

মে মাসে ১৯ জাহাজে দেশে আসছে সাড়ে ৫ লাখ টনের বেশি জ্বালানি

চলতি মে মাসে দেশে জ্বালানি তেল আমদানি স্বাভাবিক রাখতে মোট ১৯টি জাহাজ আসার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এর মধ্যে ইতিমধ্যে ১৪টি তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। মাসের বাকি দিনগুলোতে আরও পাঁচটি জাহাজ বন্দরে নোঙর করবে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সরকার ও বিপিসি নিয়মিতভাবে এই আমদানি প্রক্রিয়া সচল রাখছে।

এই ১৯টি জাহাজে মোট সাড়ে পাঁচ লাখ টনের বেশি জ্বালানি দেশে আসছে।বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশনস) মোহাম্মদ জাহিদ হোসাইন জানান, আমদানিকৃত জ্বালানির মধ্যে ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ডিজেল রয়েছে।

 এছাড়া ৬৭ হাজার টন জেট ফুয়েল, ২৬ হাজার ৫০০ টন অকটেন এবং ৭৫ হাজার টন ফার্নেস অয়েল দেশে আসছে। শুক্রবার বিকেলেও একটি তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করার কথা রয়েছে। বর্তমানে দেশে চাহিদার বিপরীতে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে আগামী জুন মাসের জন্য এখন পর্যন্ত ১৬টি পরিশোধিত ও অপরিশোধিত তেলবাহী জাহাজ নিশ্চিত করা হয়েছে। গত সোমবার ‘এমটি ফসিল’ নামের একটি জাহাজ এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ মে জাহাজটি বন্দরে পৌঁছাবে বলে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন। এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়।